উত্তরকোণ

ঈদে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মেয়েসহ ব্র্যাক কর্মকর্তা নিহত

ঈদে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মেয়েসহ ব্র্যাক কর্মকর্তা নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি ফেরার পথে বগুড়া শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্র্যাক কর্মকর্তা ও তার চার বছরের মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।সোমবার (২৫ মে) সকাল পৌনে ৮টার দিকে বগুড়া শহরের বনানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা জেলার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে আয়শা খাতুন (৪)। আহত হয়েছেন আনিছুর রহমানের স্ত্রী পুষ্পা আক্তার (২৮)। পুলিশ জানায়, আনিছুর রহমান বগুড়ায় ব্র্যাকের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কোরবানির ঈদ উপলক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে বনানী মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং সেটিকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার: