শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, ইউআরসি ইন্সট্রাক্টর মহিদুল ইসলাম, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদুসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলা উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরে জনসচেতনতা মূলক সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।