শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া): বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও দুর্ভোগের কথা সরাসরি শুনতে গণশুনানির আয়োজন করেছেন সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। ১৩ ও ১৪ মে বিকেলে শেরপুর উপজেলার শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশন প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।গণশুনানিতে ১৩ মে শেরপুর ও ১৪ মে ধুনট উপজেলার শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট, জমিজমা সংক্রান্ত বিরোধ, চাকরি ও প্রশাসনিক অনিয়মসহ নানা সমস্যার কথা সরাসরি এমপির কাছে তুলে ধরেন। গণশুনানিতে প্রবীণ রাজনীতিবিদ গোলাম মাহবুব প্যারিস, বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এবং ধুনট থানার ওসি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সংসদ সদস্য ধৈর্য ধরে প্রত্যেকের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দেন। জটিল বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য তিনি উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন। সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেন, “বগুড়া জেলার উন্নয়নে সরকার প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ফলে উন্নয়নমূলক কাজে কোনো অর্থসংকট হবে না। রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের তালিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।” তিনি আরও বলেন, “জনগণ আমাকে ভোট দিয়েছেন আপনাদের সেবা করার জন্য। আমি আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চাই। এখন থেকে প্রতি দুই মাস অন্তর এ ধরনের গণশুনানি আয়োজন করা হবে যাতে সরাসরি মানুষের সুখ-দুঃখের কথা শোনা যায়। এছাড়া তথ্যপ্রযুক্তির মাধ্যমেও যে কেউ সরাসরি আমাকে বার্তা পাঠিয়ে সমস্যার কথা জানাতে পারবেন।” এমন উদ্যোগে খুশি বগুড়া-৫ শেরপুর ধুনটের সাধারণ মানুষ।
উত্তরকোণ
নাগরিকদের দুঃখ দুর্দশার কথা সরাসরি শুনতে বগুড়া-৫ আসনের এমপি জিএম সিরাজের ব্যতিক্রমী আয়োজন

