উত্তরকোণ

বগুড়ায় বিধবা নারীর সংবাদ সম্মেলন, জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ

বগুড়ায় বিধবা নারীর সংবাদ সম্মেলন, জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বগুড়ার শাহানাজ পারভীন নামে এক বিধবা নারী। বৃহস্পতিবার (১৬ মে ২০২৬) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার স্বামীর মৃত্যুর পর প্রতিপক্ষ একটি চক্র তাদের বসতভিটা, গরুর ফার্ম, মুরগির ফার্ম ও পুকুর দখলের চেষ্টা করছে।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার স্বামী সোলায়মান আলী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী ছিলেন। তিনি জীবদ্দশায় প্রায় ১৪ বিঘা সম্পত্তির ওপর গরুর ফার্ম, মুরগির ফার্ম ও পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন। স্বামীর মৃত্যুর পর তিনি সন্তানদের নিয়ে কষ্টে জীবনযাপন করছেন বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী তৌহিদুল আলম মামুন ও মোঃ শোয়াইবসহ কয়েকজন ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের সম্পত্তি দখলের চেষ্টা করছে। এ সময় গরু চুরি, মুরগির খামারে বিষ প্রয়োগ, পুকুরে বিষ দিয়ে মাছ নিধন এবং বিভিন্ন মালামাল চুরির অভিযোগও তোলেন তিনি। এছাড়া তিনি দাবি করেন, একটি ঘটনায় প্রতিপক্ষকে হাতেনাতে আটক করা হলেও পরে প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধেই থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার এক ছেলে বর্তমানে কারাগারে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে শাজাহান পারভীন প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

শেয়ার: