উত্তরকোণ

বগুড়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে কর্মসূচি বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বগুড়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে কর্মসূচি বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বগুড়াঃ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রচার কৌশল দেশব্যাপী গণমাধ্যমকর্মীদের অবহিতকরণের লক্ষ্যে বগুড়ায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার জনাব মুহা: মাহফুজার রহমান, সাংবাদিকগণের পক্ষে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস, তথ্য অফিসের সহকারী পরিচালক মো. সোহেল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেকশনিস্ট মো: ফিরুজুল হক ডাবলু এবং ঘোষক মো: হানজালা।
বগুড়া জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রায় ৭০জন সাংবাদিকবৃন্দ এই ব্রিফিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রেস ব্রিফিংয়ে সরকারের নির্বাচনী প্রধান প্রতিশ্রুতি ১. নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু ২. কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালু। ৩. দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এবং ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ। ৪. মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ৫. আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। ৬. প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দেওয়া এবং শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা নিশ্চিত করা। ৭. তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা, ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ, মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা। ৮. ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসাবে গড়ে তোলা। ৯. পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন। ১০. ২৫ কোটি বৃক্ষ রোপণ এবং আধুনিক বর্জ্যব্যবস্থাপনা চালূ করা। ১১. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং সবধরনের উপাসনালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা। ১২. ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা।
তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পৌঁছে দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রচার কৌশল তুলে ধরেন। বিশেষ করে সরকারি কর্মসূচিগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং জনস্বার্থে সঠিক তথ্য প্রচারে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার: