উত্তরকোণ

বগুড়ায় ফুলকলি বেকারীতে অভিযানঃ ২ লক্ষ টাকা জরিমানা

বগুড়ায় ফুলকলি বেকারীতে অভিযানঃ ২ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার চারমাথা এলাকায় অবস্থিত ফুলকলি বেকারিতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটিসহ বিভিন্ন বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। এছাড়াও লোকচক্ষুর আড়ালে খাদ্যপণ্য তৈরিতে হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অভিযান পরিচালনাকারীরা জানান, প্রতিষ্ঠানটিতে মেয়াদ বা উৎপাদনের তারিখে অনিয়ম এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগও পাওয়া গেছে। এসব অপরাধের প্রাথমিক সত্যতা ও মালিকের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মোঃ নাজমুস সাকিবকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন তিনি।

শেয়ার: