উত্তরকোণ

বগুড়া সদরে নবজাতকের গলাকাটা লা*শ উদ্ধার: মা- সৎ বাবা আটক

বগুড়া সদরে নবজাতকের গলাকাটা লা*শ উদ্ধার: মা- সৎ বাবা আটক

বগুড়ার সদর উপজেলায় পুকুর থেকে একদিন বয়সী এক নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা ও সৎ বাবাকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।উদ্ধার হওয়া নবজাতকটি একদিন বয়সী ছেলে শিশু। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা পুকুরে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় শিশুটির মা নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।এই বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, গেল রমজান মাসে নিপার বিয়ে হয়। ধারণা করা হচ্ছে, নিহত নবজাতকটি আগের স্বামীর সন্তান হতে পারে। পারিবারিক ও সামাজিক কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এমন নির্মম ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই নবজাতক হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার সকল দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে ওসি ইব্রাহীম আলী।

শেয়ার: