উত্তরকোণ

দৈনিক উত্তর কোণ পত্রিকার ডিক্লারেশন বাতিল চেয়ে আবেদনের বিরুদ্ধে প্রতিবাদ

দৈনিক উত্তর কোণ পত্রিকার ডিক্লারেশন বাতিল চেয়ে আবেদনের বিরুদ্ধে প্রতিবাদ

গত ৩০ এপ্রিল, বৃহস্পতিবার, বগুড়া জেলা প্রশাসকের নিকট দৈনিক উত্তর কোণ পত্রিকার ডিক্লারেশন বাতিলের দাবিতে পৃথকভাবে আবেদন করেন ভবের বাজার চারমাথা এলাকার আবুল কালাম আজাদ এবং শিবগঞ্জ উপজেলার আলী গ্রাম (ডাকঘর: বিহারহাট) এলাকার মো. আনোয়ারুল ইসলাম সুমন। তাদের দেওয়া আবেদনে উল্লেখ করা হয় যে, গত ২৯ এপ্রিল দৈনিক উত্তর কোণ পত্রিকার প্রথম পাতায় “ঢাকার জেলা প্রশাসক নিয়োগে ৩০ কোটি টাকা লেনদেন, একই সিন্ডিকেট জড়িত” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু বাস্তবে ওই তারিখে পত্রিকাটির প্রথম পাতায় এ ধরনের কোনো সংবাদ প্রকাশিত হয়নি। বরং ওই দিনের প্রধান শিরোনাম ছিল— “নিউক্লিয়ার যুগে প্রবেশ করলো বাংলাদেশ”। এমন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে পত্রিকার ডিক্লারেশন বাতিলের আবেদন করায় গভীর উদ্বেগ প্রকাশ করছে দৈনিক উত্তর কোণ পরিবার। আমরা জানতে চাই— কার ইশারায়, কার প্ররোচনায় এবং কী উদ্দেশ্যে এই দুই ব্যক্তি এমন মিথ্যা ও বিভ্রান্তিকর আবেদন করেছেন।
সত্য সংবাদ প্রকাশের কারণে একটি গণমাধ্যমকে দমন করার এ ধরনের অপচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, তার সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এবং কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণে আস্থা রাখে না। তিনি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন— সরকার কাউকে দমন করবে না, বরং গণতন্ত্রের পথেই এগিয়ে যাবে।
এই প্রেক্ষাপটে, একটি দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদপত্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ডিক্লারেশন বাতিলের দাবি তোলা অত্যন্ত নিন্দনীয়। দৈনিক উত্তর কোণ পত্রিকা তার সূচনালগ্ন থেকেই “আপনাদের স্বপ্ন, আপনাদের কথা— আমাদের প্রতিদিনের প্রচেষ্টা” এই শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা করে আসছে। নানা প্রতিকূলতা, রাজনৈতিক চাপ এবং অতীতের স্বৈরশাসনামলেও এই পত্রিকার কণ্ঠ রুদ্ধ করা যায়নি।
দীর্ঘ প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে পাঠকের আস্থা অর্জন করেছে উত্তর কোণ। ভবিষ্যতেও যেকোনো বাধা-বিপত্তি উপেক্ষা করে, সকল রক্তচক্ষুকে অগ্রাহ্য করে, সত্য প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখবে এই পত্রিকা।
স্বাধীন, সার্বভৌম ও সম্ভাবনাময় বাংলাদেশের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতেই দৈনিক উত্তর কোণ তার পথচলা অব্যাহত রাখবে।

শেয়ার: