শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কলেজের অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সভাপতি, সাবেক ছাত্রদল নেতা আব্দুল আলিম শিমুল এবং অভিভাবক সদস্য বিএনপি নেতা মিজানুর রহমান মতিন কাজীকে সংবর্ধনা প্রদান করেন। কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহকারী শিক্ষক শামসুল হক, বিএনপি নেতা আব্দুল বাসেদ, তোতা, যুবনেতা আলাউদ্দিন, সোহেল রানা, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রিমন, জিসাস সভাপতি বুলবুলসহ শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গোহাইল ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল আলিম শিমুল বলেন, বিদ্যালয়কে মাদক, দুর্নীতি ও অপসংস্কৃতি-মুক্ত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়নে আমরা সক্রিয় ভূমিকা রাখব।” অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উত্তরকোণ
গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা

