উত্তরকোণ

নদী দূষণ রোধে কঠোর পদক্ষেপ জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

নদী দূষণ রোধে কঠোর পদক্ষেপ জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

নদী দূষণ রোধে এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে বড় সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নদী ও পানি সম্পদ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নদীগুলোকে দূষণমুক্ত রাখা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নেই বেশি গুরুত্ব দিতে হবে। নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ ছাড়া বিকল্প কোনো পথ নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ডিপ টিউবওয়েলের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ভূপৃষ্ঠের পানি ব্যবহারের দিকে যেতে হবে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। ঢাকার পানির সংকটকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজধানীতে নিরাপদ পানির ঘাটতি দিন দিন বাড়ছে। তাই পুরনো চিন্তাভাবনা থেকে বের হয়ে নতুন পরিকল্পনায় এগোতে হবে। বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে নিরাপদ পানিকে কেন্দ্র করেও বৈশ্বিক সংঘাত তৈরি হতে পারে, তাই এখন থেকেই সতর্ক হওয়া জরুরি।

শেয়ার: