বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের ভয়াবহ তাণ্ডবে আজ রোববার দেশের বিভিন্ন জেলায় ১৪ জন মারা গেছেন। গাইবান্ধাতেই মারা গেছেন ৫জন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, ফসলি জমি, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, ঠাকুরগাঁও দুইজন, বগুড়ায়ে একজন, নাটোরের সিংড়ায় একজন ও পঞ্চগড়ে একজন মারা গেছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোববার (২৬ এপ্রিল) বিকেলে দোফাডাঙ্গা এলাকায় আকস্মিক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন কিশোর ও একজন বৃদ্ধ রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। হঠাৎ এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোক নেমে আসে। নিহতরা হলেন- সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান (২০) এবং সাঘাটা উপজেলার নম্বর আলী (৬৫)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। ঠাকুরগাঁও জেলায় কালবৈশাখী ঝড়ে বজ্রাঘাতে দুই নারীর মৃত্যু হয়েছে। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় এ ঘটনা ঘটে। ঝড়ের সময় গাছ উপড়ে পড়ে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অনেক এলাকায় দীর্ঘ সময় অন্ধকারে থাকতে হয়। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (২৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকালে চা পাতা সংগ্রহের সময় হঠাৎ বজ্রপাত হলে এ দুর্ঘটনা ঘটে। বগুড়ার গাবতলী উপজেলায় বিকেলে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হঠাৎ বৃষ্টির সময় মাঠে গেলে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষক এবং রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় বজ্রপাতে হাসান শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।। রোববার (২৬ এপ্রিল) বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। এদিকে নাটোর জেলায়ও বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জামালপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে বজ্রপাতে সদর উপজেলার চর যথার্থপুর এলাকায় একজন ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকায় একজনের মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী এলাকার মোহাম্মদ রাজীবের স্ত্রী মর্জিনা বেগম (২২) ও সদর উপজেলার চর যথার্থপুর এলাকার হাবিব মণ্ডলের ছেলে হাসমত আলী (৪৫)। ঝড় ও বজ্রপাতের কারণে কৃষি খাতে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। ভুট্টা, ধানসহ মৌসুমি ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিদর্শন চলছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সবাইকে সতর্ক করে জানিয়েছে, কালবৈশাখী মৌসুমে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বিশেষভাবে সচেতন থাকা জরুরি।
উত্তরকোণ
বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে নিহত ১৪

