চলতি এপ্রিল মাসের শেষ নাগাদ জাতীয় গ্রিডে অতিরিক্ত ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এতে দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, আদানি পাওয়ার, চট্টগ্রামের এসএস পাওয়ার এবং পটুয়াখালীর আরএনপিএল প্রকল্প থেকে নতুন এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তিনি বলেন, এসব কেন্দ্র মূলত কয়লাভিত্তিক এবং বর্তমানে কিছু ইউনিট রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সংকটের কারণে বন্ধ থাকলেও ধাপে ধাপে উৎপাদন আবার শুরু হচ্ছে। বিপিডিবি সূত্রে জানা গেছে, আদানি পাওয়ার থেকে ২৬ এপ্রিলের মধ্যে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। একইভাবে ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার ও আরএনপিএল প্রকল্প থেকে আরও ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। আরএনপিএল হলো রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগে পরিচালিত একটি বিদ্যুৎ প্রকল্প। এদিকে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে রাজধানী ঢাকাকে বিদ্যুৎ রেশনিংয়ের বাইরে রাখার চেষ্টা চলছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, বিদ্যুতের বাড়তি চাহিদা মোকাবিলায় এলএনজি, হেভি ফুয়েল অয়েল ও কয়লা আমদানি বাড়ানো হচ্ছে। বর্তমানে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন প্রায় ১৪ হাজার মেগাওয়াট হলেও চাহিদা পৌঁছেছে প্রায় ১৭ হাজার মেগাওয়াটে। গ্রীষ্মে এই চাহিদা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উত্তরকোণ
এপ্রিলের শেষ নাগাদ জাতীয় গ্রিডে যোগ হবে ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

