শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশানে অনুষ্ঠিত বাৎসরিক সনাতন ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের ৬ বারের মত জয়ী জাতীয় সংসদ সদস্য জিএম সিরাজ বলেন, এটি তার শেষবারের মতো এমপি হওয়া, তাই শেরপুর-ধুনটের উন্নয়নের মাধ্যমে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকতে চান। তিনি শুধু ক্ষমতায় থাকতে চান না, মানুষের মন জয় করতে চান। এ সময় তিনি আরো বলেন, শেরপুর-ধুনট এলাকার সার্বিক উন্নয়নে তিনি কাজ করতে প্রতিশ্রুতিবৃদ্ধ। ভবিষ্যতে যে সকল উন্নয়ন বরাদ্দ আসবে, তা সঠিকভাবে তদারকির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। উন্নয়ন কাজে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশে হিন্দু, মুসলিম ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। মুসলমানরা যে সুযোগ-সুবিধা ভোগ করে, সনাতন ধর্মাবলম্বীরাও সমানভাবে তা ভোগ করবে এ বিষয়টি নিশ্চিত করার কথা জানান তিনি। তিনি করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় খনন কার্যক্রম গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও উন্নত পৌরসভা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন। গত শুক্রবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশীদ আপেল, গোলাম মাহবুব প্যারিস, আসিফ সিরাজ রব্বানী, জসিম উদ্দিন মন্ডল, শাহ আরিফ, কাওছার আলী কলিন্স, গোবিন্দ কুমার বাগচী, চন্দন দাস রিঙ্কু, জয় শংকর, জয়ন্ত চক্রবর্তী, সান্তনু সান্যাল, অশোক কুন্ডু প্রমুখ।
উত্তরকোণ
উন্নয়নের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকতে চাই-এমপি সিরাজ

