শাজাহানপুর প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে রকি (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রকি উপজেলার গন্ডগ্রাম লয়া পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে মহাসড়কের ওপর। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত রকিকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত রকির বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, মাদক ও ডাকাতিসহ মোট আটটি মামলা রয়েছে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিব ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
উত্তরকোণ
শাজাহানপুরে অস্ত্র, ছিনতাই, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি রকি খুন

