বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, খেলাধুলা মানুষের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী এবং শৃঙ্খলাবোধ তৈরি করে। কেবল তা-ই নয়, খেলাধুলা শুধু শরীর নয়, বুদ্ধির বিকাশ এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতেও ইতিবাচক প্রভাব ফেলে। দলগত খেলাধুলায় একে অপরের সাথে মিলেমিশে কাজ করার মানসিকতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। ২১ এপ্রিল মঙ্গলবার বিকালে কলাকোপা আতপজান মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ফাইনাল খেলা-২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিনি উক্ত কথা বলেন।
বগুড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক এমপি লালু আরো বলেন, “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এটি একটি জনপ্রিয় সামাজিক স্লোগান, যা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও কর্মক্ষম রাখতে খেলাধুলার প্রতি উৎসাহিত করে। এই স্লোগানটি মূলত শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে। ১০ নং বালিয়াদিঘী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দদের আয়োজনে বালিদিঘী ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা ও প্রশাসক মোঃ সাজেদুর রহমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান, গাবতলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। মাঠজুড়ে শত শত দর্শক ও শিক্ষার্থীদের করতালিতে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

