দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ নিজস্ব ভবন না থাকায় দীর্ঘদিন ধরে পোস্ট মাস্টারের ব্যক্তিগত বাড়িতে কার্যক্রম পরিচালিত হচ্ছে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর পোস্ট অফিস। এতে একদিকে যেমন সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছন, অন্যদিকে সরকারি দপ্তরের অবকাঠামোগত সংকট নিয়ে উঠেছে নানা প্রশ্ন। জানা যায়, গোবিন্দপুর পোস্ট অফিসটি ১৯৭৬ সালে আদমদীঘি উপজেলার নশরতপুর পোস্ট অফিসের আঞ্চলিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। শুরুতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তীতে স্কুলের একটি মাটির ঘরে স্থানান্তর করা হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে টিনের ছাউনি দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়তে থাকে এবং ঘরটির মাটির দেয়াল ভেঙে পড়ে। ফলে ভবনটি বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। পরিত্যক্ত সেই ঘরের ভেতরে এখন গবাদিপশুর বিচরণ দেখা যায়। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে পোস্ট মাস্টার তার নিজ বাড়ির একটি কক্ষে অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা গোলজার ও আব্দুর রশিদ জানান, অস্থায়ী এই ব্যবস্থায় ডাক গ্রহণ-বিতরণ, সঞ্চয়পত্র ও মানি অর্ডারসহ বিভিন্ন সেবা প্রদান করা হলেও জায়গার অভাব প্রকট। ব্যক্তিগত বাড়িতে অফিস পরিচালিত হওয়ায় গোপনীয়তা ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। সেবাগ্রহীতাদের দাবি, দ্রুত একটি স্থায়ী সরকারি ভবন নির্মাণ অথবা অন্তত উপযুক্ত ভাড়াকৃত স্থানে পোস্ট অফিস স্থানান্তর করা হোক। তাদের মতে, আধুনিক বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ একটি সেবাদানকারী প্রতিষ্ঠানের এভাবে পরিচালিত হওয়া দুঃখজনক।
এ বিষয়ে পোস্ট মাস্টার সেকেন্দার আলী মোল্লা বলেন, “ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কথা থাকলেও চেয়ারম্যানের সহযোগিতা না পাওয়ায় বাধ্য হয়ে নিজ বাড়িতে অফিস চালাতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বলেছেন জায়গা দিলে নতুন ভবনের ব্যবস্থা করবেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক বলেন,“লিখিত অভিযোগ পেলে ইউনিয়ন পরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ঘর বা জমির ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
বগুড়া বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন জানান, ভবন সংকটের বিষয়টি আমাদের জানা ররেছে। শুধু এই এলাকায় নয়, সারা দেশের বিভিন্ন পোস্ট অফিসেই একই ধরনের সমস্যা বিদ্যমান। বিষয়টি আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।”
উত্তরকোণ
পোস্ট মাস্টারের বাড়িতেই পোস্ট অফিস

