প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভূত এখন বিরোধী দলের ঘাড়ে চেপেছে। জনগণকে এসব ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে।”বিগত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এ সময়ে দেশের মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বিএনপিসহ বিভিন্ন দল আন্দোলনের মাধ্যমে সেই অবস্থার বিরুদ্ধে লড়াই করেছে। তিনি দাবি করেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে “স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়” এবং জনগণ তাদের অধিকার ফিরে পায়। তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা জনগণকে বিভ্রান্ত করেছিল, তারা এখন আবারও বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে জনসভায় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা: জোবাইদা রহমান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য, স্থানীয় সংসদ সদস্যবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠন করে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। ঠিক সেই সময়েই একটি রাজনৈতিক মহল সংসদের ভেতরে ও বাইরে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারেক রহমান বলেন, “আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি তারা কীভাবে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ৮৬ সালের নির্বাচনে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ৯৬ সালেও স্বৈরাচারের সঙ্গে গিয়ে তারা একই কাজ করেছে। ২০০৮ সালে ওয়ান ইলেভেনের সময়ও তারা সেই ভূমিকায় ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, “মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। “আমরা সেই ম্যান্ডেট নিয়ে দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছি,” বলেন তিনি। সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষিঋণ মওকুফ, ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান এবং খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বিদেশে জনশক্তি রপ্তানির জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “২০১৬ সালে বেগম খালেদা জিয়া সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। পরে আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। অন্তর্র্বতী সরকার যে জুলাই সনদ তৈরি করেছে, বিএনপি সেটিতে প্রথম স্বাক্ষর করেছে।” তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল সংসদ ও বাইরে জনগণকে বিভ্রান্ত করছে। “তারা নারীর উন্নয়ন, স্বাস্থ্যসেবা বা প্রশাসনিক সংস্কার নিয়ে কথা বলে না, তারা শুধু জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরি করতে চায়,। তারেক রহমান বলেন, “আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় তারা বারবার একইভাবে বিভ্রান্তি ছড়িয়েছে।” বগুড়ায় দিনভর কর্মসূচিঃ সরকারপ্রধান হিসেবে প্রথম বগুড়া সফরে দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। সকালে সড়কপথে বগুড়ায় পৌঁছালে জেলা প্রশাসক ও দলীয় নেতারা তাঁকে স্বাগত জানান। শহরের প্রবেশমুখ থেকে সাতমাথা পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার- হাজার নেতাকর্মীরা অবস্থান নেন। তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত অ্যাডভোকেটস বার ভবনের উদ্বোধন করেন এবং সাত জেলায় ই-বেইল বন্ড কার্যক্রম চালু করেন। তিনি বলেন, “ন্যায়বিচার কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিকের অধিকার।” বিচার ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। পরে তিনি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করেন। পৌরসভা চত্বরে ফলক উন্মোচনের মাধ্যমে এটি কার্যকর হয়। তিনি শহরকে পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পৈতৃক ভিটায় সফরঃ দুপুরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীতে তাঁর পৈতৃক ভিটায় যান। প্রায় দুই দশক পর সেখানে ফিরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তিনি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন এবং খাল খনন প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এছাড়াও বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রী কলেজটিকে সরকারি করার ঘোষনা দেন প্রধানমন্ত্রী। বাগবাড়ীকে একটি স্থানীয় হাসপাতালের উদ্বোধনও করা হয়। উন্নয়ন প্রতিশ্রুতিঃ জনসভায় তিনি বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ শিগগিরই শুরু করার ঘোষণা দেন। পাশাপাশি বগুড়া বিমানবন্দরে কার্গো বিমান চলাচল চালুর মাধ্যমে কৃষিপণ্য রপ্তানির সুযোগ তৈরির পরিকল্পনার কথাও জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, বগুড়ায় কৃষি, প্রকৌশল ও চিকিৎসা শিক্ষা অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। ই-বেইল বন্ড উদ্বোধনঃ সকালে আদালত প্রাঙ্গণে ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, বিচার বিভাগকে সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ করতে সরকার কাজ করছে। তিনি জানান, অনলাইন ব্যবস্থার মাধ্যমে জামিন প্রক্রিয়া দ্রুত হবে এবং হয়রানি কমবে। ভবিষ্যতে এটি পুলিশ ও জাতীয় পরিচয়পত্র সিস্টেমের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠাই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।”ফ্যামিলি কার্ড ও সামাজিক কর্মসূচি: গাবতলী উপজেলার বাগবাড়ীতে তিনি ৯৪১ জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এ কার্ডের মাধ্যমে নারীপ্রধান পরিবার মাসিক আর্থিক সহায়তা পাবে। তিনি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিকে সরকারের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং কোনো শিশুকে যেন টিকার বাইরে রাখা না হয়, সে বিষয়ে নির্দেশনা দেন। জনসভা শেষে বায়তুর রহমান জামে মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন করে। এরপর সন্ধ্যা ৭ টায় তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন। দিনব্যাপী কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।পুরো দিনজুড়ে বগুড়ায় রাজনৈতিক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়।

