উত্তরকোণ

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার পর আনন্দ-উল্লাসে মেতে উঠে নগরবাসী

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার পর আনন্দ-উল্লাসে মেতে উঠে নগরবাসী

বগুড়া সফরে এসে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সিটি কর্পোরেশন ঘোষণা, গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ। বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন এবং বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্র্নিমাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বগুড়া সার্কিট হাউস থেকে হেঁটেই বের হন তিনি, যা উপস্থিত নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। বাইরে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং অনেকেই তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। কেউ ফুল ছিটিয়ে তাকে বরণ করেন, আর চারপাশে শ্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ। প্রায় পাঁচ মিনিটের এই পথ তিনি হেঁটেই অতিক্রম করে বগুড়া জেলা জজ আদালত চত্বরে পৌঁছান। সেখানে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ সকাল সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আজ থেকে পৌরসভার পরিবর্তে নতুন পরিচয় পেল বগুড়াবাসী। সোমবার দুপুর ১২টার দিকে তিনি ফলক উন্মোচন করেন। পরে তিনি নবগঠিত সিটি কর্পোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি উপস্থিত নেতাকর্মী ও বিভিন্ন স্তরের জনগণদের উদ্দেশ্যে বক্তব্য দেন৷ প্রধানমন্ত্রী বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এটি সিটি কর্পোরেশন হবে৷ সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে সে কাজ গুলো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত করার চেষ্টা করেছিলাম আমরা। এখনও কিছু কাজ বাকি আছে। আজ বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। আজ বগুড়াবাসীর খুশীর দিন। এই শহরের রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে৷ নিজের ঘর নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে, বগুড়া শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। এরপর বগুড়াসহ সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে সোমবার দুপুর পৌনে ২টার দিকে সরকারপ্রধান এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন প্রমুখ। প্রধানমন্ত্রী শিশুস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচিকে সরকারের অন্যতম সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে। কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে হবে। জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নারী-পুরুষ, শিশুদের অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলায় এই ধাপে মোট ৯৪১জন ফ্যামিলি কার্ড পেলেন। বগুড়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী গাবতলীর বাগবাড়ী এলাকায় পৌঁছান। সেখানে সুবিধাভোগী নারীদের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং কর্মসূচির লক্ষ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি মূলত নিম্নআয়, অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এ কার্ডের আওতায় নির্বাচিত পরিবারগুলোকে মাসিক ভাতা দেওয়া হবে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে কার্ডধারী পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবে, যা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠানো হবে। অনুষ্ঠানস্থলে সকাল থেকেই আশপাশের ইউনিয়ন ও উপজেলার নারী-পুরুষের ভিড় দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল এমপি, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন, নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ রাজ্জাকুল আমিন তালুকদার রোকন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সহ সরকারের বিভিন্ন দপ্তর প্রধান, কেন্দ্রীয় বিএনপি, জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার বেলা পৌনে ৪টার দিকে নশিপুরে সরকার প্রধান কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খালের খনন কার্যক্রমের সূচনা করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, গাবতলীর নশিপুর চৌকিরদহ খালটি দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিত। এ প্রকল্প বাস্তবায়নের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং স্থানীয় কয়েক হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরাদ আজাদ, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন, ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকার টেকসই উন্নয়নে বিশ্বাসী। নদী-নালা ও খাল সচল রাখা মানে দেশের অর্থনীতির রক্তসঞ্চালন সচল রাখা। এর মাধ্যমে আমরা প্রকৃতি রক্ষা করছি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলছি।” উদ্বোধন শেষে তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সরকারের এ পরিবেশবান্ধব ও কৃষি সহায়ক উদ্যোগকে স্বাগত জানিয়ে বাগবাড়িসহ পুরো গাবতলী এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. মোরশেদ মিলটন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. হেলালুজ্জামান তালুকদার লালু উপস্থিত ছিলেন। বগুড়ার গাবতলীর বাগবাড়িতে ২০ বছর পর পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে তিনি তাঁর পিতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ বাড়িতে প্রবেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।প্রধানমন্ত্রী পুরো বাড়ি ঘুরে দেখেন এবং বাড়ির কেয়ারটেকারদের সাথে কথা বলেন।এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি ‘জিয়াবাড়ি’তে গিয়েছিলেন।

শেয়ার: