উত্তরকোণ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়ায় উৎসবমুখর পরিবেশ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বগুড়ায় উৎসবমুখর পরিবেশ

স্টাফ রিপোর্টার ঃ দীর্ঘ ২০ বছর পর ২০ এপ্রিল সোমবার পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে জিয়াবাড়িতে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তাঁর প্রথম বগুড়া সফর। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে শহীদ জিয়ার জন্মস্থান বাগবাড়ী এলাকার স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছাস শুরু হয়েছে। কারণ, বিগত প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান বাগবাড়ী সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর এই সফর কেবল রাজনৈতিক নয়, বরং সাধারণ মানুষের মধ্যেও বিশেষ আগ্রহ তৈরি করেছে। গাবতলীর বাগবাড়ি জিয়াবাড়িতে তার পৈতৃক নিবাসটি ইতিমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরসূচি : আজ সোমবার ২০ এপ্রিল ২০২৬ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া সফর করবেন। দিনব্যাপী এই সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও জনসভায় অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার উদ্দেশে সড়কপথে রওনা দেবেন। সকাল ১০টা ৩০ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন। এরপর সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। সকাল ১১টা ৩০ মিনিটে বগুড়া পৌর ভবনে উপস্থিত হয়ে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করবেন। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। বিকাল ৩টা ৩০ মিনিটে বগুড়া সার্কিট হাউজে যাত্রাবিরতি শেষে বিকাল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকাল ৫টা ৪৫ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন এবং বিকাল ৫টা ৫০ মিনিটে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্র্নিমাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। বাগবাড়ী এলাকার ব্যবসায়ী এমদাদ আহমেদ বলেন, ঘরের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ দুই দশক পরে ঘরে ফিরছেন এ খবরে উচ্ছ্বসিত এলাকাবাসী। শহীদ জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি এই অপরাধে দীর্ঘ ১৭ বছরে বাগবাড়ীর কোনো উন্নয়ন হয়নি। এখন ঘরের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এলাকাবাসীর একটাই দাবি, বাগবাড়ীকে যেন উপজেলা ঘোষণা করা হয়। এ ছাড়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ সরকারীকরণ, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা স্থাপনসহ বেশ কিছু দাবি তুলেছেন এলাকাবাসী। উল্লেখ্য, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বর মাসে গাবতলী সফর করেন। তিনি ২০০৭ সালের ২২ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সহ নির্বাচনী কাজে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোকে সাথে নিয়ে শেষ সফর করেন। এরপর ২০০৭ সালের ১১ জানুয়ারি জেনারেল মইন উ আহমেদের ক্ষমতা দখলের পর ওই নির্বাচন বাতিল হয়।
বগুড়া বিএনপির ঘাঁটি বলে প্রতিহিংসায় সব উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় গত ১৭ বছরে কোনো উন্নয়ন করা হয়নি এ জেলায়। বগুড়ার নাম নিয়ে করা হয়েছে তিরস্কার। উত্তরাঞ্চলের রাজধানী খ্যাত বগুড়ার উন্নয়নে অনীহার নেপথ্যে ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসা। দেড় দশকের বেশি সময় ধরে উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসী। জিয়া পরিবারের তিন রাষ্ট্রনায়কের হাত ধরে বগুড়ার সকল উন্নয়ন হয়েছিল। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান এ জেলার উন্নয়নের তালিকা তুলে দেবেন বগুড়াবাসীর হাতে।তিনি প্রায় দেড়শো বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করবেন। সিটি করপোরেশন ঘোষণার মধ্য দিয়ে সকল উন্নয়নের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, ১৯৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভা গঠন করা হয়। সেই সময় পৌরসভার আয়তন ছিল ১.১২ বর্গমাইল। আর জনসংখ্যা ছিল ৭হাজার। ব্রিটিশ শাসনামলে বগুড়া পৌরসভা গঠন করার পর প্রথম চেয়ারম্যান হন ব্রিটিশ নাগরিক ডব্লিউ ওয়াভেল। সর্বশেষ পৌরসভার চেয়ারম্যান ছিলেন প্রবীণ আইনজীবী একেএম মাহবুবর রহমান। আর সর্বশেষ বগুড়া পৌরসভার মেয়র ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা। এরআগে প্রতিষ্ঠার ১০৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ১৯৮১ সালের ১ আগস্ট বগুড়া পৌরসভা ক শ্রেণিতে উন্নীত হয়। সাথে সাথে আয়তন বাড়িয়ে ১৪.৭৬ বর্গ কিলোমিটার করা হয়। ২০০৬ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারে থাকাকালীন সময়ে বগুড়া পৌরসভার আয়তন বেড়ে ৬৯.৫৬ বর্গ কিলোমিটার করা হয়। এটিই ছিলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পৌরসভা। বগুড়া পৌরসভাকে ক’ শ্রেণিতে উন্নীত করছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১২টি ওয়ার্ড থেকে ২১ টি ওয়ার্ড এবং বর্ধিত করেছেন তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। আজ ২০ এপ্রিল এই পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দিবেন তাদের পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। একই পরিবারের তিন রাষ্ট্রনায়কের হাত ধরে বগুড়া পৌরসভার উন্নয়ন হলো।
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জানিয়েছেন, শীঘ্রই বগুড়া অংশ থেকে রেলপথ নির্মান কাজের উদ্বোধন করা হবে। আগামী বছরের মধ্যে দৃশ্যত এই রেলপথের কাজ দ্রুতগতিতে সমাপ্ত হবে। এরআগে ২০০৫ সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে রেলপথ নির্মাণে পরিকল্পনা নেওয়া হয়। এডিবির অর্থায়নে তখন প্রাক সমীক্ষাও হয়েছিল। পওে অর্থেও অভাবে প্রকল্পটি আর এগোয়নি। ২০১৭ সালে প্রকল্পটি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়। বগুড়াবাসীর চাওয়া বগুড়া-সিরাজগঞ্জ রেলপথটি চালু হলে বগুড়া ও সিরাজগঞ্জের মানুষের সহজ যাতায়াত নিশ্চিতসহ রাজধানীর সঙ্গে উল্টরাঞ্চলের জেলাগুলোর দূরত্ব কমে আসবে। বহুল প্রত্যাশিত বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের অপেক্ষায় এ অঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২০ এপ্রিল আলতাফুন্নেছা খেলার মাঠে রেলপথ নির্মানের ঘোষণাও দিতে পারেন।
পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চায় বগুড়াবাসী: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থলে পুনাঙ্গ বিশ্ববিদ্যালয় চায় বগুড়াবাসী। যা এখন বাস্তবায়নের পথে। আগে থেকেই একটি বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকলেও জেলার ক্রমবর্ধমান জনসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জোরালো হয়। বগুড়াবাসীর সেই দাবি পূরুণ করছেন এই জেলার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে এই অঞ্চলের মানুষের আরেকটি স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বগুড়া বৈশাখী মেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেন। তিনি বলেন, ১২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সেখানে আইন সংশোধনের প্রয়োজনীয়তা, কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এরআগে ২০০১ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। বিভিন্ন বাধার কারণে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ২০১৮ তে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ১০ মে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বাস্তবায়নের জন্য সরকার এস আরও জারি করে। দীর্ঘ ২৪ বছর পর ২০২৫ সালের ৩ জুন ড. মো. কুদরত-ই-জাহান কে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পুনাঙ্গ বিশ্ববিদ্যালয় চালু হলে বগুড়াসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দুয়ার উন্মোচিত হবে।
বগুড়ায় বানিজ্যিকভাবে বিমানবন্দর স্থাপন: বিএনপির ঘাটি বলে শুধু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বগুড়া বিমানবন্দর চালুর সবুজ ফিতা বন্দি হয়ে আছে লাল ফাইলে। নির্মাণের ২৮ বছর পেরিয়ে গেলেও উড়ছে না বাণিজ্যিকভাবে বিমান। যাত্রী, একাধিক ফোরস্টার হোটেল, মোটেল, পর্যটন কেন্দ্র, চিকিৎসাকেন্দ্রসহ বাণিজ্যিকভাবে সকল প্রকার সম্ভাবনা থাকার পরেও বিমান উড়ার কোন খবর নেই। বিএনপি সরকারের কাছে বগুড়াবাসি বাণিজ্যিকভাবে বিমানবন্দর চালু করার দাবী জানিয়েছেন। আজ বগুড়াবাসীর এই স্বপ্ন পূরুণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া জেলার বাণিজ্যিকভাবে দিনদিন প্রসার বাড়ছে। উত্তরের জেলাগুলোর মধ্যে রংপুর, গাইবান্ধা, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও বগুড়ার বাণিজ্যিক বিষয়াদি আগের থেকে বেড়েছে। যে কারণে বগুড়ার ব্যবসায়িদের ঢাকা এবং চট্রগ্রামের ব্যবসায়িদের উপর নির্ভরতাও করতে হয়। সময়মত অনেক কিছুই মেলে না বলে পিছিয়ে যেতে হচ্ছে ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে। বগুড়ার ব্যবসা বাণিজ্যকে আরো এক ধাপ এগিয়ে নিতে ১৯৮৭ সালে বগুড়ায় বিমানবন্দর নির্মাণের প্রথম আলোচনা শুরু হয়। এরপর ১৯৯৫-১৯৯৬ সালে বগুড়া সদর উপজেলার এরুলিয়া নামকস্থানে বগুড়া ষ্টল বিমান বন্দর নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদন পায়। এরপর ১৯৯৬ সালে প্রথমে নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০০ সালে প্রকল্পটি বাস্তবায়নের আশা করা হয়। সে হিসেবে ২০০১ সালের শুরুতে বগুড়ার আকাশে বিমান উড়বে বলে প্রকল্প কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। কিন্তু বিমান উড়বে, উড়বে করেও আর উড়েনি। তাই বগুড়াবাসির বহু আশার বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।
করতোয়া নদী সংস্কার করে যৌবন ফিরিয়ে চান বগুড়ার জনগণ: উজানে কাটাখালির বাঁধে মরছে করতোয়া। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি নদীর খুলশি এলাকায় বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করায় যৌবন নেই নদীটির। এক বাঁধই কাল হয়ে গেছে করতোয়া নদীর। নদীর উৎসমুখে পানি প্রবাহ না থাকায় এখন মৃত। অপরিচ্ছন্ন ও বড়সড় নর্দামার এই নদী এখন জীবাণু বহন করছে। মৃত প্রায় নদীকে বাঁচিয়ে তুলতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলেও ফিরছে যৌবন। করতোয়া নদীর যৌবন ফেরাতে বগুড়া অংশে পুন:খনন ও স্লোপ প্রটেকশনের কাজ করা হয়েছে। সম্প্রতি প্রায় ৪৭ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে করতোয়া নদী পূর্ণ:খনন ও ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ প্রকল্পের মাধ্যমে ব্যস্তবায়ন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এছাড়া নতুন করে ৯ কোটি টাকা ব্যয়ে মাটিডালি থেকে নওদাপাড়া পর্যন্ত ১১কিলোমিটার পুন:খনন করা হয়। কিন্তু তাতেও যৌবন ফেরেনি এই নদীর। করতোয়া নদীতে যে সংস্কারকাজ করা হয়েছে তার বরাদ্দ বাড়িয়ে ১৮০ কিলোমিটার জুড়ে নদীর যৌবন ফিরিয়ে আনার দাবি বগুড়ার জনগণের। প্রধানমন্ত্রী তারেক রহমান এটিও বাস্তবায়ন করবেন এমন প্রত্যাশা বগুড়ার মানুষের।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিরিয়ে চান জেলাবাসী: বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরু করছে বিএনপি সরকার। এই স্টেডিয়াম একসময় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পরিচিত থাকলেও দীর্ঘ ১৭ বছর ধরে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। বগুড়াসহ উত্তরাঞ্চলবাসীর দীর্ঘদিনের আশা ছিল এখানে বিপিএল অনুষ্ঠিত হবে কি না। ১৩ এপ্রিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্টেডিয়ামটি পরিদর্শনের মাধ্যমে সেটিও এখন বাস্তবায়নের পথে।

শেয়ার: