উত্তরকোণ

বগুড়ায় ৫দিনব্যাপি বৈশাখী মেলার উদ্ধোধন

বগুড়ায় ৫দিনব্যাপি বৈশাখী মেলার উদ্ধোধন

স্টাফ রিপোটার: পুরোনো ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন উদ্যমে পথচলার অনুপ্রেরণা দেয় এই দিন। সেই উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলতে বগুড়ায় শুরু হয়েছে পাঁচদিনব্যাপী বৈশাখী মেলা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শহরের পৌর পার্ক ও শহীদ টিটু মিলনায়তন চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এ আয়োজন। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই মেলায় সহযোগিতা করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া পৌরসভা ও জেলা পরিষদ। সকাল ৮টায় মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বগুড়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও তুলে ধরতে হবে। বগুড়া জেলার সাংস্কৃতিক খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে। শিল্পকলা একাডেমির সংস্কার কাজ দ্রুত শুরু হবে এবং শিল্পীদের সুবিধার্থে একটি আধুনিক রেকর্ডিং রুম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বাঙালী জাতির সবচেয়ে বড় উৎসবে সবাইকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ঢাকা–সিরাজগঞ্জ–বগুড়া রেললাইন নির্মাণকাজও প্রায় শেষের পথে। এছাড়াও বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা। তিনি আরও বলেন, বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব প্রি-একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। পাশাপাশি, দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত বগুড়ার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সাংস্কৃতিক ফোরামের সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালনসহ স্থানীয় বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ার ৪০ জন শিল্পীর সমবেত কণ্ঠে বর্ষবরণের গান পরিবেশিত হয়। পাশাপাশি আয়োজন করা হয় বৈশাখী শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেলে লাঠিখেলা। মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে হিন্দোল একাডেমি, ইয়ুথ কয়্যার, ‘ভোর হলো’, দল ‘অন্যরকম’ ও কলেজ থিয়েটারসহ বিভিন্ন সংগঠন। আয়োজক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ খন্দকার জানান, পাঁচদিনব্যাপী এ মেলায় দূর-দূরান্ত থেকে কারুশিল্প ও হস্তশিল্পের স্টল বসেছে। প্রতিদিনই থাকবে নানান আয়োজন। সবার অংশগ্রহণে মেলাটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

শেয়ার: