উত্তরকোণ

শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য: বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য:  বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর- ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে নেতাকর্মীদের এমন নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে, সেভাবে আপনারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে- যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাত তুলে নেবেন না। প্রধানমন্ত্রী আরো বলেন, যেকোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে, যেকোনো মূল্যে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে। এর আগে, রোববার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে শেরপুর-৩ আসন থেকে বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী, ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। অন্যদিকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বিজয়ী হয়েছিলেন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সূত্র : বাসস

শেয়ার: