ঘোড়াঘাট, প্রতিনিধিঃ- দিনাজপুরের বিরামপুর উপজেলায় দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে মাংস জব্দ করে মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় মাংস বিক্রেতা পলাতক রয়েছে এবং গরুর মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার জোয়াল কামড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বিক্রির জন্য আনা গরুর মাংস থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, পায়ে সমস্যাগ্রস্ত একটি গরু প্রায় ৮৫ হাজার টাকায় একই গ্রামের মাসুদ রানার কাছ থেকে কিনে নেন কসাই আজিম উদ্দিন। পরে ওই গরুর মাংস বিরামপুর নতুনবাজার রেলগেটে এলাকায় বিক্রি শুরু হলে দুর্গন্ধের অভিযোগ ওঠে এবং বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ দেখা দেয়। গরু মালিক মাসুদ রানা বলেন, “আমি সুস্থ গরু বিক্রি করেছি। বিক্রির পর গরু কী হয়েছে, তা আমরা জানি না।”ঘটনার পর মাংস বিক্রেতা আজিম উদ্দিন পলাতক রয়েছে। এ ঘটনায় সংশি¬ষ্ট আরও কয়েকজনের নাম উঠে এলেও তারা পলাতক বলে জানা গেছে। খবর পেয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম সরকার বলেন, “ঘটনাস্থলে দুর্গন্ধযুক্ত মাংসের সত্যতা পাওয়া গেছে। তবে সংশি¬ষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

