উত্তরকোণ

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি প্রার্থী বাদশা বিজয়ী

বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি প্রার্থী বাদশা বিজয়ী

স্টাফ রিপাটার: বগুড়া-৬ আসনের উপনির্বাচনের বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ৭৬৭৭২ ভোটে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর ভোটগ্রহণ শেষে চলছে গণনা। গণনা শেষে ফলাফল ঘোষনা করা হয়। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যতীত ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। এদিকে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়াসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ এবং হিজড়া ভোটার ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র দিলো ১৫০+১টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি-এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী। মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে পাঁচটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দায়িত্ব পালন করেন দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণে নিয়োজিত ছিলো ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিলো ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, আট প্লাটুন বিজিবি ও ১০ প্লাটুন র‌্যাব। পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াডও। এ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন জেলা বিএনপির সভাপতি প্রার্থী রেজাউল করিম বাদশা। জামায়াতের প্রার্থী দলটির শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার। রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, শান্তিপূর্ণ ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। এই আসনটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিপুল ভোটে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

 

শেয়ার: