স্টাফ রিপোটারঃ বগুড়া-৬ সদর আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশার সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা সাংবাদ সম্মেলনে বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনকে ঘিরে প্রিসাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোনো প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপি বা জামায়াতের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে দায়িত্ব থেকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। বিএনপি মনোনীত প্রার্থী বাদশা জানান, তাদের প্রতিপক্ষ অভিযোগ করেছে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের চিকিৎসকরা বিএনপির পক্ষে কাজ করছে। জবাবে তিনি বলেন, হাসপাতালটিতে একটি জাতীয়তাবাদি চিকিৎসক দল রয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন আব্দুল্লাহ আল রউফ। তিনি বর্তমানে সরকারি চাকরি করছেন না। এছাড়া কিছু ডাক্তার ও নার্স, যারা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে কর্মরত, তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। বাদশা ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বলেন, নেকাব (মুখ ঢাকা কাপড়) পরা অবস্থায় কেউ ভোট দিতে পারবেন না। নেকাব পরে ভোট কেন্দ্রে প্রবেশ করলে বুথের এজেন্টদের মুখ দেখে ভোট দেওয়ার সুযোগ থাকবে না। এটি নির্বাচন কমিশনের সুস্পষ্ট নিয়ম। তিনি নির্বাচনকে আরও স্বচ্ছ করতে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন। কোনো নারী ভোটার যদি নেকাব পরিধান করে তাহলে তার মুখমণ্ডলী এবং তার চেহারা শনাক্ত করতে তার নেকাব খুলে মহিলা এজেন্টদেরকে মুখ দেখিয়ে তার পরিচয় শনাক্ত করতে হবে। প্রয়োজনবোধে নারী নির্বাচনী কর্মকর্তা বা মহিলা এজেন্টদের মাধ্যমে পরিচয় যাচাই করে ভোট গ্রহণ করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ভোটার শনাক্তকরণ নিশ্চিত করার স্বার্থে মুখমণ্ডল যাচাই প্রয়োজন হতে পারে, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএনপির নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উল-নবী সালাম, কে এম খায়রুল বাসার প্রমুখ। উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ইতোমধ্যেই বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে।
উত্তরকোণ
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশার সাংবাদ সম্মেলন

