স্টাফ রিপোটারঃ বগুড়া-৬ সদর আসনে উপ-নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল বুধবার সকালে শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, রিটার্নিং অফিসার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। লিখিতভাবে একাধিকবার সুনির্দিষ্ট অভিযোগ দিলেও তিনি তা আমলে নেননি। তিনি একটি দলের পক্ষে কাজ করছেন। লিখিত অভিযোগে আবিদুর রহমান সোহেল বলেন, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সরকারি দলের প্রভাবে নির্বাচনী পরিবেশ ততই কলুষিত ও ভীতিকর হয়ে উঠছে। আমরা লক্ষ্য করছি, নির্বাচন কমিশনের নিযুক্ত রিটার্নিং অফিসার নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে একটি নির্দিষ্ট দলের পক্ষে নিরবে সহায়তা করে যাচ্ছেন। বার বার নিরপেক্ষ লোকদের প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনের সকল কর্মকর্তা নিয়োগের দাবি জানানো সত্ত্বেও তিনি সরকারি দলের দ্বারা প্রভাবিত হয়ে প্রিসাইডিং অফিসারসহ সকল নির্বাচন কর্মকর্তা নিয়োগ দান করেছেন। এমতাবস্থায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথে অন্তরায় হতে পারে এমন সুনির্দিষ্ট সাত দফা দাবি তুলে ধরেন। উত্থাপিত দাবিগুলো পূরণ না হলে এবং নির্বাচনে অনিয়ম হলে ভোট বর্জন করবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবিদুর রহমান সোহেল বলেন, ‘একটি নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় আমরা উপনির্বাচনে অংশ নিয়েছি। ভোট বর্জনের কোনো ইচ্ছা নেই। আমরা জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার সুযোগ দিতে চাই। নিবাচন কমিশন তার নিরপেক্ষতা প্রমাণ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে এই প্রত্যাশা আমরা করছি।’ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, উপনির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সদস্য সচিব ও জেলা নায়েবে আমির আব্দুল হাকিম সরকারসহ নেতারা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সাংবাদ সম্মেলন

