উত্তরকোণ

তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদে জ্বালানিমন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদে জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়ে সরকার নিয়মিত পর্যালোচনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বর্তমানে দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জ্বালানিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, জ্বালানি তেলের দাম নির্ধারণে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং তা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রয়েছে, যা অনেক দেশের তুলনায় ভিন্ন পরিস্থিতি। তবে প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। জ্বালানিমন্ত্রী আরও জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে ডিজেলের মজুত প্রায় ১ লাখ ৬৪ হাজার মেট্রিক টন। এছাড়া অকটেন ও পেট্রোলেরও উল্লেখযোগ্য পরিমাণ মজুত রয়েছে। তিনি বলেন, চলতি এপ্রিল মাসের মধ্যে আরও ১ লাখ ৩৮ হাজার টন ডিজেল, ৭১ হাজার ৪৪৩ টন অকটেন এবং ৩৬ হাজার টন পেট্রোল আমদানি করা হবে। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মন্ত্রী জানান, গত এক মাসে পরিচালিত অভিযানে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

শেয়ার: