আসন্ন ৯ এপ্রিল বগুড়া-৬ উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বগুড়ার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। তাই বগুড়ার উন্নয়নে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে। বগুড়া সদর আসন থেকে এর আগে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বিজয়ী হয়েছেন। এটি জিয়া পরিবারের একটি মর্যাদাপূর্ণ আসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু, ধর্মীয় নেতাদের সম্মানি ভাতা প্রদান, কৃষিঋণ মওকুফ, দেশব্যাপী খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মতো জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। এসব কর্মসূচির সুফল দেশের সকল পর্যায়ের মানুষ ভোগ করছে। তিনি আরও বলেন, বিএনপির দুর্গখ্যাত এই আসনটি গত ১৭ বছর অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। ‘ক্লিন বগুড়া, গ্রিন বগুড়া’ গড়তে ধানের শীষের বিকল্প নেই। বগুড়ার মানুষ উন্নয়ন চায়, আর সেই উন্নয়ন নিশ্চিত করতে আসন্ন উপনির্বাচনেও বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি বগুড়ার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। ৬ এপ্রিল সোমবার শহরের সূত্রাপুর এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইরুল ইসলামের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তাঁতীদলের সভাপতি সারওয়ার হোসেন, বিএনপি নেতা নুরুল হুদা তিলক, ওয়াহিদ মুরাদ, আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা শানু, রাজেদুর রহমান রাজু, মহিলা দল নেত্রী মেহেরুন নেছা মেরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বৈঠক শেষে মহিলা দলের আয়োজনে এক বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উত্তরকোণ
বগুড়ার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই- বাদশা

