সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম বেদারুল ইসলাম (৫৩), তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, কয়েক মাস ধরে বেদারুল ইসলামের স্ত্রী ও সন্তান তাকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার করতো। পরিবারের সম্পত্তি নিয়ে চলমান বিবাদের জের ধরে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কিছু দিন আগে চেতনা নাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য নওগাঁর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া পর তিনি সুস্থ হয়ে উঠে। এরপর তিনি দমদমা গ্রামে তার মায়ের সঙ্গে বসবাস শুরু করেন। গত বুধবার রাতে তিনি খাবার খেয়ে মায়ের পাশে শুয়ে ছিলেন। এরপর তিনি নামাজ পড়েন এবং কুরআন তিলাওয়াত করে ঘরের বাইরে যান। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় তার মা ডাকাডাকি শুরু করেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশে একটি জায়গায় দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখতে পান তার মা। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।