আসন্ন বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জামায়াতের কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য ও বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সবাই যখন ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত তখনো তিনি ছুটে চলেছেন ভোটারের দ্বারে দ্বারে। আজ ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের নামাজগড় এবং উপশহরে গণসংযোগ করেন আবিদুর রহমান সোহেল। তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে আবিদুর রহমান সোহেল বলেন, আসন্ন উপনির্বাচনে দেশে সরকার পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু বগুড়ার উন্নয়ন, বগুড়ার আইন-শৃংখলা পরিস্থিতি, বগুড়ার মাদক সমস্যা, যানজট সমস্যাসহ সকল সমস্যা সমাধানের জন্য একজন সৎ, দক্ষ ও যোগ্য এমপি প্রয়োজন। যিনি নিজে দূর্নীতি, লুটপাট করবেন না এবং কাউকে করতেও দিবেন না। জামায়াতে ইসলামী দূর্নীতি, চাঁদাবাজী মুক্ত বগুড়া গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন উপনির্বাচনে জামায়াত বিজয়ী হলে একটি শান্তিময় বগুড়া উপহার দেওয়া হবে। তিনি উপনির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে সাধারণ ভোটারদের অনেকেই একটিবারের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মিরা গণসংযোগকালে জামায়াত প্রার্থীর সাথে ছিলেন।