বগুড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কলোনী করতোয়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে তিন শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। করতোয়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি আবু মুসা সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দান করা একটি মহৎ গুণ। যা মানুষের আত্মতৃপ্তি এনে দেয়। ঈদের সম আনন্দ ভাগাভাগি করতে করতোয়া সমাজ কল্যাণ সমিতির এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমরা শুধু রোজা রাখি না। বরং নিজেদের চরিত্র গঠন, ধৈর্য বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা গ্রহণ করি। রমজান আমাদের শেখায় ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার মূল্যবোধ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু , করতোয়া সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা আব্দুল হাই কাল্টু, কুদরত-ই-খুদা, সহ-সভাপতি জুলফিকার আলী তালুকদার বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পিন্টু, আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ মুকুল, প্রচার সম্পাদক নাছিরুজ্জামান মামুন, মেহেদী ইমাম সম্রাট, তারেক, তানিম, প্রমুখ। প্রতিটি পরিবারের জন্য ঈদ সামগ্রীস্বরুপ লাচ্ছা সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।