বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির। ১৬ মার্চ সোমবার দুপুর ২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদ, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেন। যোগদান ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুু, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি। এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। তিনি সোনাতলা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সোনাতলা উপজেলা বিএনপির চারবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহন শেষে একেএম আহসানুল তৈয়ব জাকির তার বক্তব্যে বলেন, জেলা পরিষদ স্থানীয় সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিগত ১৭ বছর কোন উন্নয়ন হয়নি। এবার সুযোগ এসেছে উন্নয়ন বঞ্চিত বগুড়া জেলা কে মডেল হিসেবে গড়ে তুলবার। তাই সকলের পরামর্শ নিয়ে বগুড়া কে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। রাজনৈতিক জীবনের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সোনাতলা পৌরসভার সাবেক প্রশাসক এবং সোনাতলা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে পরে বর্তমান সংসদ সদস্য কাজী রফিকুলকে দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে দলের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।