নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দেওতা খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিশতিয়া তিনতলা ভবন নির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। সোমবার (১৬ মার্চ) বিকেলে খানকা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন। তিনি আরও বলেন, দেওতা খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিশতিয়া শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানই নয়, বরং এটি এলাকার মানুষের আধ্যাত্মিক ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভবন নির্মাণ সম্পন্ন হলে এখানে ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি ও বিভিন্ন সামাজিক কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু এবং দেওতা খানকার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদশা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। খানকা কর্তৃপক্ষ জানান, দেওতা খানকায়ে হোসেনিয়া কালিমিয়া চিশতিয়া ভবনটি তিনতলা বিশিষ্টভাবে নির্মাণ করা হচ্ছে। ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি ও বিভিন্ন দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, ভবনটির নির্মাণ কাজে সহায়তা হিসেবে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ব্যক্তিগত উদ্যোগে ৫৫০ বস্তা সিমেন্ট প্রদান করেছেন, যা নির্মাণ কাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।