ঘোড়াঘাট, প্রতিনিধিঃ- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার ১নং জয়পুর ইউনিয়েনের ৬নং ওর্য়াডের বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির স্থানীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়েক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনমান উনয়ন এবং সরকারি সহায়তা স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। প্রাথমিক পর্যায়ে নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১০টি গ্রামের ৫৪০ জন নারীসহ হতদরিদ্র পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। কার্ডধারীরা টিসিবি পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় এবং মাসিক ভাতা সুবিধা পাবেন। সরকারের এই উদ্যোগ নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন কষ্ট লাঘব করবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সহায়তা প্রদান নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। এর আওতায় প্রথমে ১৪টি উপজেলায় (পাইলটিং) প্রায় ৪০,০০০ পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যেখানে যোগ্য নারী প্রধান পরিবারগুলো মাসিক ২,৫০০ টাকা ভাতা পাবেন। পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারিত হবে। স্থানীয় দুস্থ ও হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে এই কর্মসূচি নতুন আশা ও স্বপ্নের সঞ্চার করেছে। সরকারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

