উত্তরকোণ

বগুড়ায় চাঁদাবাজী মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ায় চাঁদাবাজী মামলায় এনসিপি নেতা কারাগারে

চাঁদাবাজী মামলায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) নেতা মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাতে শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিজানুর রহমান সাগর এনসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব।  বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মাহফুজ আলম জনান,মারপিট এবং চাঁদাবাজীর অভিযোগে আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা ছিল মিজানুর রহমান সাগরের নামে।
মামলা সুত্রে জানাগেছে, এপোলো পাওয়ার লিংক নামের একটি প্রতিষ্ঠানে এনসিপি নেতা মিজানুর রহমান সাগর চুক্তিভিত্তিক লিফট সরবরাহ এবং সার্ভিসিং এর কাজ করতেন। ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রুবেল প্রামানিকের সাথে মিজানুর রহমান সাগরের বিরোধ হয়।এর জের ধরে গত ২০২৪ সালের ৩০ আগস্ট রাত ১০ টার দিকে মিজানুর রহমান সাগর ও তার ১০-১২ জন সহযোগী সরকারি আজিজুল হক কলেজের পিছনে জহুরুল নগর এলাকায় তুলে নিয়ে যায় রুবেলকে।সেখানে বেদম মারপিট করে তার কাছে দুই লাখ টাকা চাদাঁ দাবী করে মিজানুর রহমান সাগর।এসময় রুবেলের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে রুবেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।সেখানে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়ে একই বছরের ২২ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন রুবেল। আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) আবু জাফর তদন্ত করে বাদীর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত থেকে মিজানুর রহমান সাগরের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মাহফুজ আলম বলেন, আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মুলে মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে শনিবার আদালতে হাজির করা হয়।পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

শেয়ার: