উত্তরকোণ

শাজাহানপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাজাহানপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলাে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মধ্যরাতে পুষ্পস্তবক অর্পণ, দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা চত্বরে অবস্থিত অমর বিজয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, বগুড়া-০৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি। থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ ও সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। এছাড়া শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুল ইসলামের নেতৃত্বে সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সরকারি কমরউদ্দিন ইসলামি কলেজ ও আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়-এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার: