উত্তরকোণ

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আতিকুর রহমান রুমন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি গ্রেড-২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন। এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। ১৯৭৫ সালের ১৫ মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে জন্ম আতিকুর রহমানের। তিনি দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক। নতুন দায়িত্বে আতিকুর রহমান রুমনের নিয়োগ প্রধানমন্ত্রীর গণমাধ্যম ব্যবস্থাপনা ও যোগাযোগ কার্যক্রমে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার: