শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলা এলাকায় সেচ পাম্প চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজনকে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত এ ঘটনার পরদিন বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা হলেন সুজাবাদ নতুনপাড়া এলাকার মো. বেলাল হোসেনের ছেলে রাব্বি (২৫), আব্দুল মোতালেবের ছেলে শামীম হোসেন (২৩) এবং পার্শ্ববর্তী বেতগাড়ি গ্রামের আরাফাত হোসেন। ভুক্তভোগী কৃষক আল আমিন জানান, বোরো মৌসুমে ধানক্ষেতে সেচের কাজে ব্যবহৃত তার বৈদ্যুতিক পাম্পটি প্রতিদিনের মতো বন্ধ রেখে তিনি এশার নামাজ আদায় করতে যান। এ সুযোগে দুর্বৃত্তরা মেশিন ঘরে ঢুকে পাম্পটি চুরি করে নিয়ে যায়। পরে তিনি বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের অভিযানে বগুড়া শহরের হাড্ডিপট্টি এলাকায় চোরাই মালামাল বিক্রির সময় ওই তিনজনকে আটক করা হয়। এ সময় চুরি হওয়া সেচ পাম্পটি উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও হাঁস-মুরগি ও গবাদিপশু চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উত্তরকোণ
শাজাহানপুরে সেচ পাম্প চুরি, মালামালসহ আটক ৩

