উত্তরকোণ

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে তার নেতৃত্বে মন্ত্রিসভার ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন। এই শপথের মধ্য দিয়ে প্রায় ২০ বছর পর বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন যাত্রা শুরু হলো। একইসঙ্গে প্রথমবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নিলেন তারেক রহমান। প্রয়াত বাবা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাবা এবং মায়ের পর তিনি এই বিরল রেকর্ড গড়লেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উন্মুক্ত প্রাঙ্গণে এবার ব্যতিক্রমী শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহস্রাধিক দেশি-বিদেশি অতিথি অংশ নেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান প্রেসিডেন্ট মো. শাহাবুদ্দিন। পরে তাকে তিনি গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। পরে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের আলাদাভাবে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শপথ অনুষ্ঠানে ৩টা ৫৫ মিনিটে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রীর পর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৫ জন । অপরদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সকালে সংসদ সদস্য হিসেবে সরকারি ও বিরোধী দলের এমপিরা শপথ নেন। পরে সরকারি দলের সভায় তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। পরে তাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে শপথ পড়াতে প্রেসিডেন্টের কাছে চিঠি দেয়া হয়। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম (রিতা), শহীদ উদ্দুন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো: আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম (স্বপর), শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রীদের মধ্যে আছেন যারা: প্রতিমন্ত্রী হলেন এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম, আমিনুল হক (টেকনোক্র্যাট)। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশ নেওয়ার খবর জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, বাসস। জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহামেদ মুইজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। ভুটান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, তার সফর বাংলাদেশের প্রতি ভুটানের অব্যাহত সমর্থন এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতিফলন। সফরটি দুই দেশের দৃঢ় দ্বিপাক্ষিক সহযোগিতাকে পুনর্ব্যক্ত করছে। ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা ভারতের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লোকসভা স্পিকারের অংশগ্রহণ দু’দেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে এবং যৌথ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রতিফলন। শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নলিন্দা জয়তিসা কলম্বোর প্রতিনিধিত্ব করবেন। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার অংশগ্রহণ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের স্পষ্ট উদাহরণ। দক্ষিণ এশিয়ার এসব শীর্ষ নেতাদের উপস্থিতি ও প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রতি আঞ্চলিক আগ্রহকে স্পষ্ট করছে। এটি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতিও নির্দেশ করে।

শেয়ার: