উত্তরকোণ

গাবতলীতে পরিবহন ব্যবসায়ীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা

গাবতলীতে পরিবহন ব্যবসায়ীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃবগুড়ার গাবতলীতে মোঃ সাইফুল ইসলাম (৩৮) নামের এক পরিবহন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিজবাড়ীর সামনেই আলুক্ষেতে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করে দূর্বত্তরা। সকালে সাইফুলের মহদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারী মধ্যরাতে গাবতলীর সোন্দাবাড়ী পূর্বপাড়া গ্রামে।  জানা গেছে,সোন্দাবাড়ী পূর্বপাড়া গ্রামের জামাতুল্লাহ প্রামানিকের ছেলে মোঃ সাইফুল ইসলাম একজন পরিবহন ব্যবসায়ী।  তার ছোট-বড় ৮টি ট্রাক রয়েছে। ওই ট্রাকগুলো সাবগ্রাম এলাকায় বালু আনা-নেওয়া করে। সাইফুল প্রতিদিন সাবগ্রামে পরিবহন ব্যবসা শেষ করে রাতে বাড়ীতে ফেরেন। নিহতের স্ত্রী ও কন্যারা জানান, ১৪ফেব্রুয়ারী রাত ৮টায় পরিবারের সাথে তার শেষ কথা হয়। রাত সাড়ে ১২টার পর সাইফুল সাবগ্রাম থেকে ট্রাকগুলো নিয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। এরপর তিনি প্রতিদিনের মতো বাড়ীর সন্নিকটে থাকা খাদিজা তেলের পাম্পে ট্রাকগুলো গ্যারেজ করে রাখেন। খাদিজা তেলের পাম্পের সিসি ফুটেজে দেখা যায়, রাত ১২টা ৫০ মিনিটের সময় তিনি পাম্প থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। বাড়ীর ঠিক ২৫/৩০গজ সামনেই দূর্বৃত্তরা সাইফুলকে ধারালো অস্ত্রে মাথার বিভিন্নস্থানে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। সাইফুলের পকেটে থাকা কয়েক হাজার টাকা না নিলেও তার ব্যবহৃত ব্যক্তিগত বাটল মোবাইল ফোনটি নিয়ে যায় হত্যাকারীরা। পরদিন সকালে সাইফুলের মহদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত সাইফুলের বড়ভাই আবু সায়েদ, ফটু, পটল ও আমিনুর জানান, সাইফুলের কোন শত্রু ছিল না। সবার সাথেই তার ভালো সম্পর্ক ছিলো। অথচ তাকে নৃশংসভাবে খুন করা হলো। এখন সাইফুলের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলের কী হবে ! সাইফুলের এই অকাল মৃত্যুতে তার স্ত্রী, মা, বোন ও সন্তানরা বারবার অজ্ঞান হচ্ছিল। এ সময় উপস্থিত কেহই চোখের পানি ধরে রাখতে পারেনি। পুরো এলাকায় নেমে এসেছিল শোকের ছায়া।  এদিকে সাইফুল হত্যা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে চকবোচাই ষ্ট্যান্ডে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘটনাস্থল পরিদর্শনকারী অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মাদ রায়হান ও গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান আনিছ বলেন, এটি কোন ছিনতাইকারীর ঘটনা না। শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী সাইফুলকে গলাকেটে খুন করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত খুনিদের দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

শেয়ার: