উত্তরকোণ

বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয়জয়কার

বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয়জয়কার

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি আবারো প্রমাণ হল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় সাতটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়লাভ করেছে। জেলার সাতটি আসনেই দলটির প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করেছে। বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। বগুড়া-৬ সদও আসনটিতে ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাতে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তার কার্যালয়ে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। বগুড়া-৬ (সদর) আসনে এ আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।
বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৮৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ শাহাবুদ্দিন ৫৬ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন। এই আসনে ৬২ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মওলানা শাহাদাতুজ্জামান পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন। এই আসনে জাতীয় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। এ আসনে মোট ২ লাখ ৪৩ হাজার ৮০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরায় ৭২ দশমিক ৬৩ শতাংশ। বগুড়া-৩ (দুপচাঁচিয়া ও আদমদীঘি) আসনে বিএনপির আব্দুল মহিত তালুকদার জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে নূর মোহাম্মদ ১ লাখ ১১ হাজার ২৬ ভোট পেয়েছেন। এ আসনে ১১৮টি কেন্দ্রে ২ লাখ ৪১ হাজার ৭১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন যা শতকরায় ৭২ দশমিক ৬৭ শতাংশ। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মোশারফ হোসেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট। এ আসনে ১১৫টি কেন্দ্রে ২ লাখ ৬৮ হাজার ৩৭৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতকরা ৭৫ দশমিক ৮৯ শতাংশ। একইভাবে বগুড়া-৫ (শেরপুর- ধুনট) আসনে বিএনপির প্রার্থী জিএম সিরাজ ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দবিবুর রহমান ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট পেয়েছেন। বগুড়া-৫ আসনে মোট ৪ লাখ ৬৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরায় ৭১ দশমিক ৫০ শতাংশ। এছাড়াও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি প্রার্থী মোরশেদ মিলটন ধানের শীষ প্রতীকে ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মওলানা গোলাম রব্বানী। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট । এই আসনে মোট কেন্দ্র ১৭৩টি মোট ৩ লাখ ৮০ হাজার ২৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরায় ৭১ দশমিক ৮৬ শতাংশ। জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, ঘোষিত ফলাফল অনুযায়ী সাতটি আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং সব ফলাফলে পোস্টাল ব্যালটের ভোট অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে ২০০১ সালের পর এটিই বড় ধরনের বিজয়। এর আগে ২০০৮ সালে বিএনপি বগুড়ার দুটি আসনে পরাজিত। সেই পরাজয়ের ২৫ বছর পর বিএনপি এবার সাতটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছে।

শেয়ার: