আদমদীঘি (বগুড়া) সংবাদদাতাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনে বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে আদমদীঘি উপজেলার রাজনৈতিক পরিবার তথা তালুকদার পরিবারের সন্তান আদমদীঘি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার প্রায় ১৮ হাজার ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ আবু তাহেরকে পরাজিত করে বিজয়ের মালা গলায় পড়েছেন। এই আসনে মোট ৩ লাখ ৩৯ হাজার ভোটের মধ্যে ধানের শীষের প্রতিকের আব্দুল মহিত তালুকদার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬৭৪ ভোট। পরাজিত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী আবু নুর মোহাম্মদ তাহের পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৬ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহজাহান আলী তালুকদার পেয়েছেন ১ হাজার ৭৭১ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এদিন সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছেন। ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীর সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উচ্ছাস লক্ষ্য করা যায়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয সংসদ নির্বাচনে বিজয়ী আব্দুল মহিত তালুকদারের বাবা আব্দুল মজিদ তালুকদার তিনবার এবং তার বড় ভাই আব্দুল মোমেন তালুকদার খোকা দুইবার বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রতিবারই জয়লাভ করেছিলেন। উল্লেখ্য, বগুড়া-৩ আসনে মোট ১১৮টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে আদমদীঘি উপজেলায় ৬১টি এবং দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্র স্থাপন করা হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
উত্তরকোণ
বগুড়া-৩ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী মহিত তালুকদার

