শেরপুর ( বগুড়া) প্রতিনিধি : রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে ঘিরে বগুড়ার শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটের যাবতীয় উপকরণ পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এসব নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন। শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানিয়েছেন, এ উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৪১ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৯৭৬ জন, পুরুষ ১ লাখ ৪৯ হাজার ৮৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ভোটারদের জন্য ৯৯টি ভোট কেন্দ্রে মোট ৫৬৪টি ভোট কক্ষ (বুথ) প্রস্তুত করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, উপজেলায় অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে ৯৯ জন প্রিসাইডিং অফিসার এবং ৮৬৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার বিষয়ে তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে ১ জন পুলিশের উপপরিদর্শক (এসআই), ২ জন কনস্টেবল এবং ৩ জন করে আনসার সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা মোতায়েন থাকবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উত্তরকোণ
বগুড়ার শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো ব্যালটসহ ভোটের সব উপকরণ

