উত্তরকোণ

বগুড়া প্রেসক্লাবে জমি সংক্রান্ত অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া প্রেসক্লাবে জমি সংক্রান্ত অভিযোগে সংবাদ সম্মেলন

বুধবার ২১ জানুয়ারি বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে জমিজমা সংক্রান্ত বিরোধের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন শহরের ঠনঠনিয়া পশ্চিম পাড়ার বাসিন্দা হযরত আলীর পুত্র ইয়ার মাহমুদ। এ সময় তার মা ও দুই খালা উপস্থিত ছিলেন। লিখিত অভিযোগে ইয়ার মাহমুদ জানান, তার নানা কফিল উদ্দিনের মৃত্যুর পর তার দুই মামা জামাল ও কামাল তাদের ছয় বোনকে পৈতৃক জমির ন্যায্য অংশ দিতে নানা তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তারা ভুয়া দলিল সৃষ্টি করে সব সম্পত্তি নিজেদের মধ্যে ভাগবাটোয়ারার চেষ্টা চালান। তবে পরিবারের সদস্যদের সতর্কতার কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। ইয়ার মাহমুদ আরও অভিযোগ করেন, তার তিন খালা তাদের প্রাপ্ত জমির একটি অংশ তার মায়ের কাছে বিক্রি করলেও মামারা বাটোয়ারা দলিল সম্পাদন না করায় ক্রয়কৃত জমি খারিজ করা সম্ভব হয়নি। পরবর্তীতে তার মা নিজের অংশসহ ক্রয়কৃত জমি ইয়ার মাহমুদের নামে লিখে দেন। এরপর জমির দখল নিতে গেলে তিনি জানতে পারেন, তার দুই খালা একই জমি দ্বিতীয়বার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। দখল নিতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও তৎকালীন যুবলীগকর্মীদের মাধ্যমে তাকে ভয়ভীতি দেখিয়ে জায়গা থেকে বিতাড়িত করা হয় বলে অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে ইয়ার মাহমুদ বলেন, ওই সন্ত্রাসীরা বর্তমানে রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে আগের মতোই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে পুলিশের কাছে গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। তিনি জানান, একটি মামলায় তিনি নিজ পক্ষে ডিগ্রি লাভ করেছেন। এদিকে মামলার প্রক্রিয়ার মধ্যেই তৃতীয় পক্ষ হিসেবে মঞ্জুর নামের এক ব্যক্তি জড়িয়ে পড়ে। ওই ব্যক্তি জানান, আদালতের ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিকেই জমিসহ জমাকৃত ভাড়া বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু পরে ওই ব্যক্তি প্রায় ৩ শতক মূল্যবান জমি দখলে নিয়ে এক লাখ পনেরো হাজার টাকা ভাড়া বাবদসহ জমি ফেরত দিতে নানা তালবাহানা করছেন বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসহায় পরিবারের ন্যায্য সম্পত্তি উদ্ধার ও হয়রানি বন্ধে অবিলম্বে উচ্চতর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।

শেয়ার: