বগুড়ায় সাংবাদিকদের জন্য দুইদিনব্যাপী নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী হয়েছে। শনিবার দুপুরে বগুড়া শহরের রোচাস রেস্টুরেন্টে এ সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং প্রশিক্ষণের প্রশিক্ষক সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মনামী। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশন, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনকালীন সময় অত্যন্ত সংবেদনশীল। এ সময়ে দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করা গণতন্ত্রের স্বার্থে অত্যন্ত জরুরি। এর আগে শুক্রবার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
বগুড়ায় দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

