শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বগুড়া–নাটোর মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ট্রাকের কেবিন সম্পূর্ণ ভেঙে পড়ে এবং চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে পুলিশের রেকার গাড়ি দেরিতে পৌঁছানোয় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হয়। সকাল ৯টার দিকে রেকার এসে পৌঁছালে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের কেবিন কেটে চালককে উদ্ধার করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার সজিবুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কেবিন কেটে ট্রাকচালককে উদ্ধার করা হয়েছে। রেকার দেরিতে আসায় কিছুটা সময় লেগেছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লাল মিয়া জানান, আহত ট্রাকচালক রাজিবের অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
উত্তরকোণ
শাজাহানপুরে বাস–ট্রাক সংঘর্ষ, কেবিনে আটকা পড়া চালক উদ্ধার অবস্থা সংকটাপন্ন

