শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ফিল্মী কায়দায় ফার্নিচার বোঝাই একটি পিকআপ লুটের ঘটনায় পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পিকআপটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে শহিদুল ইসলাম ওরফে সোহেল মোল্লা (২৬), বরিশাল মহানগরের নবগ্রাম রোড এলাকার আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন ওরফে তারেক (৩১), ঝালোকাঠি জেলার নলসিটি উপজেলার ঘরিপাশা গ্রামের মৃত আব্দুস ছাত্তার হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩২), একই উপজেলার প্রতাবহাজীবাড়ি গ্রামের সাহেদ আলী হাওলাদারের ছেলে ড্রাইভার রাজিব (৩২) এবং ঝালোকাঠি সদর উপজেলার কিস্তাকাঠি গ্রামের মালেক মুন্সির ছেলে আলাউদ্দিন (৩২)। শাজাহানপুর থানা পুলিশ জানায়, শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বরিশাল মহানগরীর নতুন বাজার দারোগাবাড়ি এলাকা থেকে ডাকাত চক্রের সদস্য সোহেল মোল্লাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশাল মহানগর এলাকা থেকে সুমন হাওলাদার, সজিব ওরফে তারেক ও ড্রাইভার রাজিবকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি গ্যারেজ থেকে লুণ্ঠিত পিকআপটি উদ্ধার করা হয় এবং গ্যারেজ মালিক আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১২ আগস্ট রাতে কেরানীগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ফার্নিচার বোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪) নিয়ে রওনা দেন চালক আল-আমিন। ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের বি-ব্লক ওভারপাস এলাকায় পৌঁছালে ১৪–১৫ জনের একটি ডাকাত দল তিনটি প্রাইভেটকারে এসে পুলিশের ব্যবহৃত সিগন্যাল লাইট জ্বালিয়ে পিকআপটির গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতরা চালক ও হেলপারকে হাতকড়া পরিয়ে গামছা দিয়ে চোখ ও হাত বেঁধে একটি প্রাইভেটকারে তুলে নেয়। পরে বগুড়া সদর উপজেলার দ্বিতীয় বাইপাসের ঘুনিয়াতলা এলাকায় চালক ও হেলপারকে ফেলে রেখে ফার্নিচার বোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। পরে স্থানীয়দের সহায়তায় চালক ও হেলপারকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ১৩ আগস্ট লুণ্ঠিত পিকআপটির মালিক মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে আরিফ হোসেন শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত পাঁচজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
উত্তরকোণ
শাজাহানপুরে ফিল্মী কায়দায় ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ৫

