উত্তরকোণ

সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকিতে শ্রমিকদল নেতা হান্নানের পরিবারের সংবাদ সম্মেলন

সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকিতে শ্রমিকদল নেতা হান্নানের পরিবারের সংবাদ সম্মেলন

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুজাবাদ গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য এবং শাজাহানপুর উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব হান্নান সন্ত্রাসী হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকিতে পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন। ৬ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বগুড়া প্রেসক্লাব এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবু তালেব হান্নানের ছেলে কামরুল হাসান সাংবাদিকদের জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রাজু ও তার বাহিনীর নির্মম নির্যাতনে তিনি প্রায় পঙ্গুত্ব বরণের দ্বারপ্রান্তে পৌঁছেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে রিলিজ পেলেও সন্ত্রাসীদের ভয়ে এখনো নিজ বাড়িতে ফিরতে পারেননি। সংবাদ সম্মেলনে ছেলে কামরুল হাসান হান্নানের ছেলে বলেন, প্রকাশ্যভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে বাড়িতে ফিরলে তাকে ও তার পরিবারের সবাইকে হত্যা করা হবে। এ কারণে পরিবারসহ তিনি আতঙ্কের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। রাজু আলোচিত রাসেল হত্যা মামলার ১ নং আসামি। যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে ২০২৩ সালে মুক্তি পাওয়ার পর আবারো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। রাজুর সহযোগী হিসেবে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ২০ থেকে ২৫ জনের একটি গ্যাং এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, গরু চুরি ও অবৈধভাবে মাটি কাটার সিন্ডিকেট পরিচালনা করছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেন তিনি। আবু তালেবের ছেলে কামরুল হাসান হান্নান আরও বলেন, হাসপাতালে তাকে দেখতে যাওয়া লোকজনকেও হুমকি দেওয়া হয়েছে, যেন কেউ তার পাশে না দাঁড়ায় এবং কেউ সাক্ষ্য না দেয়। তার মেয়ে একজন মেডিক্যাল নার্সিং শিক্ষার্থী তাকেও প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। বড় ছেলে চাকরি করতে পারছে না এবং স্বাভাবিক জীবনযাপন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার কারণে ছোট ছেলে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি।
তিনি বলেন, দেশের আইন ও বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস রাখেন। ইতোমধ্যে বগুড়া জেলা পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিবারসহ তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অবিলম্বে সন্ত্রাসী রাজু ও তার সহযোগীদের গ্রেপ্তার, তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।

শেয়ার: