উত্তরকোণ

ডিবি পুলিশ সেজে মহাসড়কে ফার্নিচার লুট, বগুড়ায় ‘মোল্লা ডাকাত’ গ্রেপ্তার

ডিবি পুলিশ সেজে মহাসড়কে ফার্নিচার লুট, বগুড়ায় ‘মোল্লা ডাকাত’ গ্রেপ্তার

শাজাহানপুর প্রতিনিধি :বগুড়ার শাজাহানপুর উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে মহাসড়কে ফার্নিচার বোঝাই পিকআপ লুটের ঘটনায় বরিশালের কুখ্যাত ‘মোল্লা ডাকাত’ নামে পরিচিত শহিদুল ইসলাম সোহেলকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানির সহযোগিতায় বগুড়া সদর উপজেলার কোতয়ালী থানাধীন নতুন বাজার দারোগা-বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান। র‌্যাব জানায়, গত ১২ আগস্ট রাতে কেরানীগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ফার্নিচার বোঝাই একটি পিকআপ নিয়ে রওনা দেন চালক আল-আমিন। ভোররাতে পিকআপটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার ঢাকা–বগুড়া মহাসড়কের ওভারপাসে পৌঁছালে তিনটি প্রাইভেটকারে করে আসা ১৪-১৫ জন ডাকাত গাড়িটির গতিরোধ করে। ডাকাতরা পুলিশের ব্যবহৃত সিগন্যাল লাইট ব্যবহার করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে চালক ও হেলপারকে হাতকড়া পরিয়ে গামছা দিয়ে চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে তুলে নেয়। এরপর তাদের বগুড়া সদর উপজেলার দ্বিতীয় বাইপাসের ধনিয়াতলা এলাকায় ফেলে রেখে ফার্নিচার বোঝাই পিকআপটি লুট করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে চালক ও হেলপারকে উদ্ধার করে। এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়।
লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান আরও জানান, ঘটনার পর থেকে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। তদন্তের একপর্যায়ে ডাকাতির ঘটনায় শহিদুল ইসলাম সোহেল ওরফে মোল্লা ডাকাতের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার: