শাজাহানপুর (বগুড়) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলা স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরবর্তীতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, থানা প্রশাসন, প্রেসক্লাব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
উত্তরকোণ
শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

