উত্তরকোণ

বগুড়ায় রুহান প্রেসে অভিযান:২০ লাখ নকল ব্যান্ডরোলসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ায় রুহান প্রেসে অভিযান:২০ লাখ নকল ব্যান্ডরোলসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ায় র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে সিগারেট ও বিড়ির প্রায় ১৭ কোটি টাকার নকল রাজস্ব ব্যান্ডরোল এবং প্রিন্টিং প্লেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পালশা চৌকিরপাড় এলাকার রুহান প্রিন্টিং প্রেসে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে প্রেসটিতে নকল ব্যান্ডরোল, সিগারেট ও বিড়ির প্যাকেট, ফিল্টার এবং লেবেল তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অভিযানে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদের নেতৃত্বে প্রায় ১৮ লাখ ৩৮ হাজার সিগারেটের নকল ব্যান্ডরোল এবং ১০ লাখ ৪৯ হাজার বিড়ির ব্যান্ডরোল জব্দ করা হয়। উদ্ধারকৃত নকল ব্যান্ডরোলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া দক্ষিণপাড়ার আবু বক্কর সিদ্দিকের পুত্র মো. মাহমুদুল হাসান মিলন (৪২) এবং আবুল কাশেমের পুত্র মো. রাশেদুল ইসলাম। অভিযানে প্রেস থেকে এনবিআর লেখা নকল ব্যান্ডরোল তৈরির স্টিল প্লেট, কাঠের প্রিন্টিং ফ্রেম, বিভিন্ন ব্র্যান্ডের ১১ হাজার ৪০০ পাতা বিড়ির মোড়ক, ১০ হাজারের বেশি ফিল্টার, ১ হাজার ৪০০টি স্টিল প্লেট, নিরাপত্তা লোগোযুক্ত ১ হাজার ৫০০ গামটেপ, মোবাইলফোন ও নগদ ১০ হাজার ৬৪০ টাকা জব্দ করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নকল ব্যান্ডরোল তৈরি ও সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।

শেয়ার: